ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন আটকে পড়ায় ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা চরম বিপাকে পড়েছেন এবং দীর্ঘ যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। শ্রমিকদের ভাষ্যমতে, বর্তমান বাজারদরে স্বল্প বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিসহ বিভিন্ন ইস্যুতে রোববার সকাল থেকে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরেও শ্রমিক আন্দোলন শুরু হয়। ওইসব এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতির প্রেক্ষিতে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা দেন। SHARES অর্থনীতি বিষয়: অবরোধঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডপোশাকশ্রমিকমজুরি আন্দোলনযানজট