দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি রিচেক করা হচ্ছে: সেতুমন্ত্রী

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই পুনরায় পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী এ তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার নির্বাচনের সময় থেকেই বড় প্রকল্পের চেয়ে জনবান্ধব প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, বরং ১৮ কোটি মানুষের সক্ষমতা বৃদ্ধিই প্রকৃত উন্নয়ন। সরকার অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের পরিবর্তে জনবান্ধব প্রকল্পগুলোতে বেশি মনোযোগী হতে চায়।

তিনি আরও বলেন, ঢাকা-চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকার বেশি প্রাধান্য দিচ্ছে, যাতে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে যানজটমুক্ত ও ঝুঁকিহীন সরাসরি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এই প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং এটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।

দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে মন্ত্রী জানান, এটি সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ। তবে এর আগের ফিজিবিলিটি স্টাডি অনেক আগে করা হয়েছিল, তাই নতুন করে তা যাচাই-বাছাই করা হচ্ছে। সেতুটি পাটুরিয়া ঘাট বা সংশ্লিষ্ট অঞ্চলে হতে পারে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ফিজিবিলিটি স্টাডির ফলাফল পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।