সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ শুরু প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ সেপ্টেম্বর মাসের শেষভাগ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে মোট ২ লাখ শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে পরিচালিত হবে। নিয়োগের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত ২ লাখ কর্মীর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্ট’-এ মালয়েশিয়ায় নেওয়া হবে। এই প্রক্রিয়াটিও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এছাড়া বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনাও রয়েছে মালয়েশিয়ার। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের ৮ লাখ নিবন্ধিত শ্রমিক কর্মরত রয়েছেন। এছাড়া অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের আওতায় আনার জন্য আমাদের মন্ত্রী হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছে। অন্যদিকে, মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তবে মালয়েশিয়ায় এলএনজি রপ্তানি সংক্রান্ত কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন। SHARES জাতীয় বিষয়: জনশক্তি রপ্তানিপ্রবাসী কর্মীবাংলাদেশমালয়েশিয়াশ্রমিক নিয়োগ