মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা, জানাল রেল মন্ত্রণালয় প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এ তথ্য জানান। রেলমন্ত্রী জানান, দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদার করার লক্ষ্যে মৈত্রী ট্রেনটি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের রেল যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। রেলমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই ট্রেন সেবা চালু হলে দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি মনে করেন, রেলপথে যাতায়াতের সুযোগ বাড়লে মানুষের সময় ও ব্যয় উভয়ই কমবে। এছাড়া বৈঠকে বিদ্যমান রেল যোগাযোগের পরিধি বাড়ানো, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তঃদেশীয় রেল ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়েছে। তবে মৈত্রী এক্সপ্রেস ঠিক কবে থেকে পুনরায় চলাচল শুরু করবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। রেলমন্ত্রী জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বিষয়টির ওপর আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও মতামত বিবেচনা করেই সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেই সরকার ট্রেনটি চালুর বিষয়ে আগ্রহী। উল্লেখ্য, ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বিভিন্ন কারণে দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই তিনটি ট্রেন চালু হতে পারে, তবে এর জন্য দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন রয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে এবং মিতালী এক্সপ্রেসও সর্বশেষ একই বছরের ১৭ জুলাই ঢাকায় আসার পর আর ভারতে ফিরে যায়নি। SHARES জাতীয় বিষয়: বাংলাদেশ-ভারতমৈত্রী এক্সপ্রেসরেল যোগাযোগরেলমন্ত্রীশেখ রবিউল আলম