ইউপিডিএফ দমনে সেনাবাহিনীর প্রয়োজন নেই, জনগণই যথেষ্ট: ব্রিগেডিয়ার নাজমুল প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০১। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর চাঁদাবাজি ও অপতৎপরতা বন্ধে সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি স্টেডিয়ামে 'চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সাম্প্রতিক এক মন্তব্যের সমালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, মাইকেল চাকমা এই সন্ত্রাসী সংগঠনের মুখপাত্র। তিনি সেনাবাহিনী কেন পাহাড়ে কাজ করে, এমন প্রশ্ন তুলেছেন। আমি তাঁর কাছে পাল্টা প্রশ্ন করতে চাই, পাহাড়ে ভারি বৃষ্টি ও ভূমিধসের ফলে সৃষ্ট দুর্যোগে আপনারা মানুষের পাশে কেন দাঁড়াননি? ১টি বিষয় মনে রাখতে হবে, সেনাবাহিনী পাহাড়ের মানুষ ও দেশকে ভালোবাসে। ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আরও বলেন, ইউপিডিএফ প্রতি মাসে রাঙামাটি অঞ্চল থেকে ১৫-২০ কোটি টাকা চাঁদাবাজি করে, কিন্তু এর এক টাকাও জনগণের কল্যাণে ব্যয় করা হয় না। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা ও আত্মকর্মসংস্থানসহ জীবনযাত্রার মানোন্নয়নে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি ইউপিডিএফকে উদ্দেশ্য করে বলেন, মানুষকে আর বিভ্রান্ত করার দিন শেষ। মানুষ এখন সব বোঝে। উল্লেখ্য, রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলা থেকে ১০টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহম্মদ, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলীম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রোসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: ইউপিডিএফচাঁদাবাজিপার্বত্য চট্টগ্রামব্রিগেডিয়ার নাজমুল হকরাঙামাটি