দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ উল্লেখযোগ্য হারে কমেছে। এই অবস্থায় দেশের গ্যাসের জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরাসি বহুজাতিক শক্তি ও পেট্রোলিয়াম কোম্পানি টোটাল এনার্জিস থেকে চলতি অর্থবছরের অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। দরপত্র ছাড়া সরাসরি কেনাকাটার ক্ষেত্রে এই ধরনের নীতিগত অনুমোদন প্রয়োজন হয়। এর আগে গত অগাস্ট মাসে দুই দফায় ২২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৯ অগাস্ট সাতটি কোম্পানি থেকে ১৪ কার্গো এবং তার আগে ৬ অগাস্ট ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। একই সময়ে দেশের এলপিজি চাহিদা পূরণ ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে ৫ হাজার টন এলপিজি আমদানিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মেয়াদে জ্বালানি তেল কেনার বেশ কিছু প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ট্রাফিগুরা পিটিই লিমিটেড থেকে ৪ হাজার ৮০৩ কোটি টাকায় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টন ডিজেল এবং ৫০ হাজার টন জেট ফুয়েল কেনার প্রস্তাব রয়েছে। এছাড়া একই সময়ে ভাইটল এশিয়া থেকে ৪ হাজার ৩২৬ কোটি টাকায় ২ লাখ থেকে ২ লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিপে সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৭৯২ কোটি টাকায় ২৫ হাজার থেকে ৩০ হাজার টন ডিজেল এবং ভাইটল এশিয়া থেকে ১ হাজার ১৯০ কোটি টাকায় আরও ৫০ হাজার থেকে ৭৫ হাজার টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া ট্রাফিগুরা থেকে ৮০১ কোটি টাকায় ৭৫ হাজার থেকে ১ লাখ টন ফার্নেস অয়েল কেনার প্রস্তাবও রয়েছে। ক্রয়কৃত এসব জ্বালানির ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের বিষয়ে দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত দর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে, যা পরবর্তী সভায় উপস্থাপিত হবে। SHARES জাতীয় বিষয়: এলএনজিগ্যাস আমদানিজ্বালানি সংকটটোটাল এনার্জিসসরকার