ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণার পর সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে ভোটের এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিলটি চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি শপথ নিলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি থাকাকালীন কেউ সংসদ সদস্য থাকতে পারেন না। এছাড়া ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে আসনটি শূন্য ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।