স্বাধীনতা রক্ষায় র্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় র্যাবের আদলে একটি বিশেষ বাহিনী গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মত দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বাবর বলেন, দেশে এখনো বিভিন্ন ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে এবং পার্শ্ববর্তী কোনো কোনো দেশ বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যা অতীতেও ছিল। এই প্রেক্ষাপটে র্যাবের মতো একটি কার্যকর সংগঠন থাকা অত্যন্ত জরুরি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত ১৫ বছরের দুঃশাসন এবং ১৭ আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা হামলার মতো ঘটনার কথা ভুলে গেলে চলবে না। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি প্রতিরোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে র্যাবের কার্যক্রম অত্যন্ত দক্ষ ও নিষ্ঠার সঙ্গে পরিচালিত হয়েছিল। বাবর আরও উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে র্যাবকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে তার আগে আলাপ হয়েছিল যেখানে তিনি র্যাব পরিবর্তনের পরিবর্তে এর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা প্রসঙ্গে বাবর বলেন, তিনি নিজেও এর ভুক্তভোগী। ২০০৭ সালের ২৮ মে তাকে মিথ্যা অস্ত্র দিয়ে গ্রেফতারের সাক্ষী ছিলেন একজন র্যাব উইং কমান্ডার, যা অত্যন্ত দুঃখজনক। তবে তিনি বিরোধী দলের সদস্যদের আশ্বস্ত করে বলেন, দেশের জনগণের স্বার্থে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় এসআরবি গঠন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অনেক কিছু প্রকাশ করা সম্ভব নয়, তবে বর্তমান সরকারের শীর্ষ পর্যায় থেকেও এই বাহিনী পরিচালনার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: এসআরবিজাতীয় সংসদর্যাবলুৎফুজ্জামান বাবরসার্বভৌমত্ব