জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার ওপর বিশেষ জোর দিয়েছেন। এছাড়া, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত, অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্পসমূহের অনুমোদন ও পর্যালোচনা করা হয়। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সভায় জানান, সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে থাকতে হবে। তিনি ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। তিনি আরও বলেন, একই ধরনের প্রকল্পকে ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বিত করলে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানো সম্ভব হবে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে। গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনে সম্পূরক প্রকল্প গ্রহণ, সময়সীমা নির্ধারণ করে অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্পের পরিধি পুননির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান ও ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।