হাজারীবাগে পিকআপ চালক হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপভ্যান চালক আসাদুল ইসলাম হত্যা মামলায় আসামি রাজু হাওলাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ১৬ নং অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন। একই রায়ে আদালত আসামি অনিক হাসান ওরফে শান্ত, সজল মিয়া ও কাউছারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

রায় অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রাজু হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অপর তিন আসামি অনিক, সজল ও কাউছার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ জুন রাতে গাড়ি চালানো শেষে হাজারীবাগ থানার ঢাকা ট্যানারি মোড়ে গাড়ি পার্ক করে বাসায় ফিরছিলেন আসাদুল ইসলাম। রাত ১১টা ১০ মিনিটের দিকে আরএস পাম্পের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ঘিরে ফেলে এবং মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র দাবি করে। আসাদুল তা দিতে অস্বীকৃতি জানালে রাজু তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আসাদুল রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৯ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদুলের বাবা মোন্নাফ মিয়া ঘটনার দিনই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে হাজারীবাগ থানার এসআই কমল কৃষ্ণ সাহা ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। বিচারিক কার্যক্রমে আদালত মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।