মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সেবন্তীর জবানবন্দি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৮। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান মাহমুদুর রহমান সৈকত। এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নবম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তিনি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে এই সাক্ষ্য দেন।

২৪ বছর বয়সী সাবরিনা আফরোজ সেবন্তী বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। জবানবন্দিতে তিনি জানান, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্বীর ওপর ছাত্রলীগের নির্যাতনের ছবি ফেসবুকে দেখার পর সৈকত আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই বিকেলে পরিবারের অগোচরেই সে আন্দোলনে অংশ নেয় এবং গোলাগুলির তীব্রতার কথা জানিয়ে মাকে সাবধানে থাকতে বলেছিল। পরবর্তীতে ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সৈকত পুনরায় নূরজাহান রোডের আন্দোলনে যোগ দেয়।

সেবন্তী জানান, ওইদিন বারবার ফোন করেও সৈকতের সাড়া না পেয়ে তার বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে সৈকতের এক সহযোদ্ধা ফোন রিসিভ করে জানান যে, সৈকত পুলিশের গুলিতে শহীদ হয়েছেন এবং তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে তার আত্মীয় ও বন্ধুরা হাসপাতালে গিয়ে সৈকতের গুলিবিদ্ধ লাশ মর্গের সামনে স্ট্রেচারে পড়ে থাকতে দেখেন। সেবন্তীর ভাষ্যমতে, সৈকতের মাথার বাম পাশের কানের ওপর দিয়ে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল।

হাসপাতালে গিয়ে ভাইয়ের নিথর দেহ দেখার বর্ণনা দিতে গিয়ে সেবন্তী বলেন, সেখানে সৈকতের লাশের পাশেই শহীদ রাজুর লাশসহ আরও ৫টি লাশ পড়ে ছিল। সেই রাতে কারফিউয়ের মধ্যে মোহাম্মদপুরের মারকাজুল ইসলামে ভাইয়ের লাশ গোসল করিয়ে রাখা হয় এবং পরদিন বেলা ১১টায় দাফন সম্পন্ন হয়। জবানবন্দির শেষ পর্যায়ে এসে সেবন্তী ফ্যাসিবাদের এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।