সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা পিজা’র প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হকার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে হকার ও ফুটপাত ব্যবসায়ীদের হামলার শিকার হন তারা। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)। আহতদের মধ্যে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কামরুল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সপ্তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং পিজা’র সদস্য। হামলায় অপর আহত ব্যক্তি হলেন ক্যামেরাপার্সন সিফাত শাহরিয়ার। হামলার পর তারা অবরুদ্ধ হয়ে পড়লে পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তারা দুজনেই এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর ও সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ এই হামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত বলে মন্তব্য করেছেন। তারা বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য এ ধরনের হামলা চরম হুমকিস্বরূপ এবং সুশাসন ও গণতন্ত্রের জন্য মুক্ত সাংবাদিকতা অপরিহার্য। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। SHARES গণমাধ্যম বিষয়: গণমাধ্যমকর্মীপিজামিরপুরসাংবাদিকহামলা