না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এবং দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ-সম্পাদক সুলতান আহমেদ আশরাফী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় ৭৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। প্রয়াত এই সাংবাদিকের প্রথম জানাজা সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরের দেবপাহাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার সরল গ্রামের মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। সুলতান আহমেদ আশরাফী চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়াও সিইউজের সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ এবং বাঁশখালী ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের সাংবাদিকতা ও অধিকার আদায়ের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এছাড়া পৃথক বার্তায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং বাঁশখালী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। SHARES গণমাধ্যম বিষয়: চট্টগ্রামমৃত্যুশোকসাংবাদিকসুলতান আহমেদ আশরাফী