কুর্মিটোলায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা, আহত কনস্টেবল প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পুলিশের একটি টহল গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আর্মি গলফ ক্লাব সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যের নাম এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক হিসেবে কর্মরত ছিলেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ ভেতর থেকে অচেনা এক ব্যক্তি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। ককটেল বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে হামলার খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: ককটেল হামলাকুর্মিটোলাক্যান্টনমেন্ট থানাডিএমপিপুলিশ