শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানাচ্ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে একজন পলাতক ও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে বলেন, তিনি কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছেন যে তাকে পাসপোর্ট দিতে হবে? তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি এক্সট্রাডিশন বা বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সন্ত্রাসী ও অপরাধীদের ধরার জন্য এই চুক্তিটি ব্যবহৃত হয়। একজন সন্ত্রাসী বা অপরাধীকে আইনের আওতায় আনতে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না, বরং এর জন্য বিচারিক প্রক্রিয়ার প্রয়োজন হয়।

হুমায়ুন কবির আরও বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া এই ব্যক্তিকে কোনোভাবেই একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে ফেরত পেতে চায় এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।