সারিয়াকান্দিতে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জব্দকৃত ১ হাজার কেজি ডিএপি সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সারিয়াকান্দি উপজেলা কৃষি কার্যালয়ে এই সার বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়। গত ১ নভেম্বর উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা এলাকায় বাঙালি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এই সারগুলো জব্দ করেছিল প্রশাসন। অভিযান ও বিক্রয় প্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কার্যালয় ও প্রশাসন সূত্র জানায়, গাবতলী উপজেলার পেরির হাট থেকে অটোভ্যানে করে ২০ বস্তা ডিএপি সার ধুনট উপজেলায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অটোভ্যানটি আটক করে তল্লাশি চালানোর পর সারগুলো উদ্ধার করা হয় এবং অবৈধভাবে সার পরিবহনের দায়ে অটোভ্যান চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার ১০ জন কৃষকের প্রত্যেকের কাছে ২ বস্তা করে মোট ২০ বস্তা সার বস্তা প্রতি ১ হাজার ৫০ টাকা সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। সার গ্রহণকারী কৃষকরা জানান, সরকারি নির্ধারিত মূল্যে সার পেয়ে তারা খুশি, যা তাদের চাষাবাদের চাহিদা পূরণে সহায়তা করবে। তারা কৃষি অফিসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সার নিয়ে কোনো প্রকার সিন্ডিকেট বা অতিরিক্ত মূল্যে বিক্রির সুযোগ যাতে কেউ না পায়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। জব্দকৃত সারগুলো সরকারি মূল্যে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিনাহার বিথী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাজমুছ ছাদাতসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES কৃষি বিষয়: উপজেলা প্রশাসনকৃষিবগুড়াসারসারিয়াকান্দি