সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পর্যালোচনায় নতুন উচ্চপর্যায়ের কমিটি প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ সরকারি কর্মচারীদের বেতন গ্রেড এবং বিভিন্ন ভাতার অসংগতি পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং একই দিনে এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ছয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কমিটির মূল দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতনস্কেলের অসংগতি সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও বেতন কাঠামোর সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা সুপারিশ করবেন। একই সঙ্গে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা কিংবা বিদ্যমান ভাতার হার হ্রাস-বৃদ্ধির মতো বিষয়গুলোও কমিটি পর্যালোচনা করবে। কমিটির কার্যক্রম পরিচালনায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। প্রয়োজনে এই কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে। সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। SHARES জাতীয় বিষয়: উচ্চপর্যায়ের কমিটিবেতন স্কেলমন্ত্রিপরিষদ বিভাগসরকারি কর্মচারীসরকারি ভাতা