মরুভূমিতে মিলল মঙ্গল গ্রহের বিরল প্রাচীন উল্কা প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের অন্যতম প্রাচীন একটি শিলা শনাক্ত করেছেন, যা লাল গ্রহের আদি ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য দিচ্ছে। তেঘাজা ০০১ নামে পরিচিত গোলাপি রঙের এই উল্কাটিতে অন্তত ৪১০ কোটি বছর আগে পানির প্রভাবে গ্রহটির ভূত্বক পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্ল্যানেটারি সায়েন্টিস্ট ইয়াং লিউ জানান, এটি মঙ্গল গ্রহের অত্যন্ত বিরল ও প্রাচীন একটি উল্কা। গবেষকদের মতে, উল্কাটি ম্যান্টল স্তর থেকে উদ্ভূত ম্যাগমা দিয়ে গঠিত হয়েছিল, যা পরে বাইরের ভূত্বকের অংশে পরিণত হয়। ইয়াং লিউ উল্লেখ করেন, এই নমুনার রাসায়নিক গঠন প্রমাণ করে যে এটি মঙ্গল গ্রহের এমন একটি ভূত্বকীয় অঞ্চল থেকে এসেছে, যেখান থেকে আগে কখনো নমুনা সংগ্রহ করা হয়নি। ২০২২ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি লবণ সমভূমিতে উল্কাশিকারিরা তেঘাজা ০০১ আবিষ্কার করেন। মোট ৮টি খণ্ডে পাওয়া এই উল্কার মোট ওজন ৭৯৮ দশমিক ৫ গ্রাম, যার মধ্যে সবচেয়ে বড় খণ্ডটির ওজন ৪৪২ গ্রাম। ধারণা করা হয়, কোনো গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে এটি মঙ্গল গ্রহ থেকে ছিটকে মহাকাশে বেরিয়ে আসে এবং দীর্ঘ সময় ভ্রমণের পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথিউ গেঞ্জ জানান, তেঘাজা ০০১ একটি ব্যাসল্ট শিলা, যা পৃথিবীর আইসল্যান্ড বা হাওয়াইয়ের আগ্নেয়গিরির পাথরের সাথে তুলনীয়। প্রাথমিক বিশ্লেষণে ইয়াং লিউ এটিকে সাধারণ শোরগটাইট হিসেবে মনে করলেও, পরে এর অনন্য রাসায়নিক গঠন ও জিরকন স্ফটিক বিশ্লেষণ করে এর প্রকৃত বয়স নিশ্চিত হওয়া যায়। জিরকন স্ফটিকগুলোর বয়স ৪ দশমিক ১ বিলিয়ন বছর পাওয়া গেছে, যার অর্থ উল্কাটি মঙ্গল গ্রহের অস্তিত্বের প্রথম ৪০ কোটি বছরের মধ্যে গঠিত হয়েছিল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির হেওয়ার্ড মেলটন নমুনা ডেটিংয়ের জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। লেজার ব্যবহার করে নমুনার খুব ছোট অংশ বাষ্পীভূত করার এই পদ্ধতিতে মাত্র এক দিনে বিশ্লেষণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। গবেষকরা মঙ্গল গ্রহের দক্ষিণ উচ্চভূমির ১৩টি স্থান চিহ্নিত করেছেন, যেখান থেকে এই শিলাটি আসতে পারে। এই আবিষ্কার পৃথিবী কেন শুষ্ক হয়নি কিন্তু মঙ্গল গ্রহ হয়ে গেল, তা বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। SHARES বিজ্ঞান বিষয়: উল্কাতেঘাজা ০০১নাসামঙ্গল গ্রহমহাকাশ বিজ্ঞান