বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, ফরেনসিক অডিটে অসংগতি শনাক্ত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি ও গরমিল পাওয়া গেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরেনসিক অডিটের মাধ্যমে একটি বিশেষ কমিটি এই অসংগতিগুলো চিহ্নিত করেছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এই প্রতিবেদনটি শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, কারণ এটি নিজের সঙ্গেই প্রতারণা করার শামিল।

তথ্যকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং সংস্থাটির জনবলের ঘাটতির বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্যই এই ফরেনসিক অডিট করা হয়েছে, কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয় বলে তিনি জানান। মন্ত্রী আরও বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, ভুল ও অসংগতিগুলো তত বেশি সামনে আসবে, যা থেকে সংশোধনের সুযোগ তৈরি হবে।