তুরস্কের ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই কারখানায় সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, কারখানায় নতুন বয়লার সরানোর সময় একটি ক্রেন ভেঙে পড়ে। এর ফলে ক্রেনের সঙ্গে থাকা ভারী সরঞ্জামগুলো নিচে থাকা একটি চুল্লির ভেতরে পড়ে যায়, যা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে; অনেকে এটিকে ভূমিকম্প বলে ভুল করেছিলেন। কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কারখানার বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ জন বলে উল্লেখ করেছিলেন। তবে পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান আশঙ্কা প্রকাশ করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। ঘটনার পর উদ্ধারকাজ চলমান রয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই ঘটনায় এ পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে 'তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ' নামের একটি স্বাধীন সংস্থা জানিয়েছে যে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের জন্য একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে রয়ে গেছে। আলিয়াগা এলাকাটি তুরস্কের জাহাজ ভাঙা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত। SHARES আন্তর্জাতিক বিষয়: ইস্পাত কারখানাতুরস্কদুর্ঘটনানিহতবিস্ফোরণ