ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের প্রত্যাশা ট্রাম্পের প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে পারেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকেদের সঙ্গে আলোচনাকালে নিজের এই প্রত্যাশার কথা জানান ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, একটি বৈঠক হবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে। বৈঠকটি খুব দারুণ হবে।’ চলমান সংঘাত প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমরা ইরানের যুদ্ধ শেষ করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা ভালো করছি। কারণ, আমরা দেশটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলছি।’ একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত উদ্যোগ হিসেবে ‘অপারেশন আয়রন গেট’ চালুর বিষয়ে অবহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো স্থলপথে ইরানে যেকোনো ধরনের পণ্য ও সরবরাহ প্রবেশ পুরোপুরি প্রতিহত করা। তিনি স্পষ্ট করে বলেন, ‘এর অর্থ হলো, স্থলপথে কিছুই প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন, নৌ অবরোধের কারণেও পানিপথে কোনো কিছু প্রবেশ করতে পারছে না।’ উল্লেখ্য, ১৯৮৯ সালে ২১টি সদস্যদেশ নিয়ে গঠিত হয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক)। এ জোটের প্রভাবশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। অর্থনৈতিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনার জন্য এই জোটের সদস্যদেশের নেতারা প্রতিবছর বিশ্ব সম্মেলনে একত্রিত হন। SHARES আন্তর্জাতিক বিষয়: অপারেশন আয়রন গেটইরান যুদ্ধএপেক সম্মেলনডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিনশি জিনপিং