যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কমেছে প্রবৃদ্ধি

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তরের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৬১৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ২৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্র মোট ৫ হাজার ৬৬৭ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলারের পোশাক আমদানি করেছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৬ হাজার ৩৮ কোটি ৩২ লাখ ২০ হাজার ডলার। ফলে সামগ্রিকভাবে দেশটির পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। সে তুলনায় বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার ১ দশমিক ৫৭ শতাংশীয় পয়েন্ট কম। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিক চাহিদা সংকুচিত হলেও বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে, যা উদ্বেগের বিষয়। তবে সামগ্রিক বাজারের সংকোচনের তুলনায় এই পতন কম হওয়ায় এটিকে শুধু বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার অবনতি হিসেবে দেখা ঠিক হবে না। তিনি সতর্ক করে বলেন, রপ্তানি আয় কমলে বৈদেশিক মুদ্রা অর্জন, কারখানার উৎপাদন, শ্রমিকের কর্মসংস্থান ও সরকারের রাজস্বে চাপ পড়ে। ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি ঝুঁকিতে পড়তে পারে।

বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য আনা, উৎপাদনশীলতা বাড়ানো, শ্রম ও পরিবেশমান উন্নত করা এবং নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৬১ মিলিয়ন স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট (এসএমই), যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ৭১ দশমিক ২৪ মিলিয়ন এসএমই। ফলে রপ্তানি কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ পরিমাণের দিক থেকেও বাংলাদেশের পতন বাজারের গড় পতনের তুলনায় কম।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। বিশেষ করে কম্বোডিয়া ৬ দশমিক ৪২ শতাংশ, ইন্দোনেশিয়া ২ দশমিক ৮১ শতাংশ এবং ভিয়েতনাম শূন্য দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিপরীতে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ, ভারত থেকে ২৫ দশমিক ১৯ এবং পাকিস্তান থেকে ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা ২০২৫ সালের প্রথম ৯ মাসের ১০ দশমিক ৯৯ শতাংশ থেকে কমে চলতি বছরের একই সময়ে ১০ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্ববাজারে পোশাকের গড় ইউনিট মূল্য বাড়লেও বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য শূন্য দশমিক ৯৫ শতাংশ কমে ৩ দশমিক ০৭ ডলারে নেমেছে। মাসভিত্তিক পরিসংখ্যানে আগস্ট মাসে প্রবৃদ্ধি দেখা গেলেও সেপ্টেম্বরে রপ্তানি ৫ দশমিক ৫৭ শতাংশ কমেছে, যা রপ্তানি প্রবৃদ্ধিতে অস্থিরতার ইঙ্গিত দেয়।