সন্তানের পড়াশোনার খরচ নিশ্চিত করতে শিক্ষাবিমা কেন জরুরি প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ আপনার সন্তানের বয়স এখন আট বছর, স্কুলের পড়াশোনা চলছে। কিন্তু ১০ বা ১৫ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার খরচ বর্তমানের তুলনায় বহুগুণ বেড়ে যাবে। বইপত্র, যাতায়াত, আবাসন এবং টিউশনসহ আনুষঙ্গিক খরচের এই বোঝা সামলানো অনেক মধ্যবিত্ত পরিবারের জন্যই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাজধানী ঢাকায় একজন মাধ্যমিক শিক্ষার্থীর পেছনে মাসিক খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে অভিভাবকরা সঞ্চয় করলেও, উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যু বা স্থায়ী অক্ষমতা সেই পরিকল্পনাকে অনিশ্চিত করে তুলতে পারে। এখানেই শিক্ষাবিমা বা এডুকেশন ইন্স্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে। শিক্ষাবিমা মূলত সঞ্চয় ও নিরাপত্তার একটি সমন্বিত রূপ। নির্দিষ্ট মেয়াদে প্রিমিয়াম পরিশোধ করলে মেয়াদ শেষে বড় অংকের একটি অর্থ পাওয়া যায়, যা সন্তানের শিক্ষার কাজে ব্যয় করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো, বিমাগ্রহীতা বাবা বা মায়ের মৃত্যু হলেও পলিসিটি সচল থাকে। ফলে পরিবারের দুর্যোগের সময়েও সন্তানের পড়াশোনা থমকে যায় না। কিছু ক্ষেত্রে অভিভাবকের মৃত্যুর পর প্রিমিয়াম মওকুফ করে দেওয়া হয় এবং সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা প্রদান করা হয়। জীবন বীমা করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স এবং মেটলাইফ ইনস্যুরেন্সসহ দেশের অনেক কোম্পানি এই সেবা দিচ্ছে। উদাহরণস্বরূপ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পলিসিতে মেয়াদের শেষে অথবা বিমাগ্রহীতার অকালমৃত্যুর ক্ষেত্রে জমাকৃত অর্থ বার্ষিক ভাতার আকারে চার মাস অন্তর দেওয়া হয়, যা চক্রবৃদ্ধি হারে ৭ শতাংশ বৃদ্ধি পায়। মেটলাইফের শিক্ষাবিমা পলিসিতে বিমাগ্রহীতার মৃত্যু হলে কোনো দায় থাকলে তা বাদ দিয়ে পুরো টাকা এককালীন দেওয়া হয়, পলিসির মেয়াদপূর্তি পর্যন্ত প্রতি মাসে বিমা অংকের ২ শতাংশ হারে সহায়তা দেওয়া হয় এবং প্রিমিয়াম মওকুফসহ মেয়াদপূর্তি সুবিধা বজায় থাকে। গার্ডিয়ান লাইফের শিশু সুরক্ষা বিমায় প্রিমিয়ামদাতা মারা গেলে মূল বিমা অঙ্কের ১৫ শতাংশ এককালীন নগদ অর্থ, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে মূল বিমা অঙ্কের ১ শতাংশ বৃত্তি এবং প্রিমিয়াম মওকুফের সুবিধা পাওয়া যায়। শিক্ষাবিমা করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। শুধু এজেন্টের কথায় সিদ্ধান্ত না নিয়ে পলিসির ধরন, প্রিমিয়াম পদ্ধতি, মুনাফা এবং রাইডার সুবিধাগুলো ভালোভাবে বুঝে নিন। নথিপত্র না পড়ে স্বাক্ষর করা বা নমিনির ঘর খালি রাখা উচিত নয়। মনে রাখতে হবে, ব্যাংক শুধু সঞ্চয় ও মুনাফা দেয়, কিন্তু বিমা দেয় নিরাপত্তা। লেনদেনের ক্ষেত্রে সবসময় অ্যাকাউন্ট পেয়ি চেক ব্যবহার করুন। এছাড়া বর্তমানে অনেক কোম্পানি ই-প্রিমিয়ামের সুবিধা দিচ্ছে, ফলে গ্রাহকরা ঘরে বসে ক্রেডিট বা ডেবিট কার্ড এমনকি বিকাশের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। বিমা কোম্পানির ওয়েবসাইটে প্রিমিয়াম হিসাব করার সুবিধাও এখন পাওয়া যাচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: বিমা পলিসিব্যক্তিগত অর্থায়নশিক্ষাবিমাসঞ্চয়সন্তানের ভবিষ্যৎ