প্রথম আলোর মতো অফিস পোড়ানোর হুমকি, ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় প্রথম আলোর মতো পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মোর্শেদুল হকের প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, মোর্শেদুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে টেলিগ্রাম নিউজের কার্যালয় কোথায় জানতে চেয়ে তা প্রথম আলোর অফিসের মতো জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া কক্সবাজার ছাত্রদলকে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং সংবাদকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক মন্তব্য করেন। তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, এর আগে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান শহর ছাত্রদলের নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে টেলিগ্রাম নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা সরিয়ে নেওয়ার জন্য তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় মোর্শেদুল হক ওই হুমকিমূলক স্ট্যাটাসটি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক জসিম উদ্দিন বলেন, সংবাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে আইনগত পদক্ষেপ বা প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে, কিন্তু এভাবে কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বা শারীরিক আক্রমণের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার পর অভিযুক্ত মোর্শেদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কক্সবাজারের সাংবাদিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত