রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৫৩৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, ওয়ারীতে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ তিনটি ককটেল ও তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। একই সাথে ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।