হামলার পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ ক্ষেপণাস্ত্র, দাবি মার্কিন গোয়েন্দাদের

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের ধারাবাহিক সামরিক অভিযানের পরও ইরানের হাতে এখনো বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, তেহরানের অস্ত্রাগারে বর্তমানে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রোববার (১৫ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের সামরিক ও অস্ত্র অবকাঠামোর লক্ষণীয় ক্ষতি হলেও দেশটির ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্য এখনও বিনষ্ট হয়নি। মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়লে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম তেহরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের কতগুলো অবিলম্বে উৎক্ষেপণের জন্য প্রস্তুত আর কতগুলো গুদাম বা ভূগর্ভস্থ সংরক্ষণাগারে মজুত রাখা আছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন হওয়ায় এই গোয়েন্দা মূল্যায়নের আত্মবিশ্বাসের মাত্রা কিছুটা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন ও তৈরির গতি অনেকটাই ধীর হয়ে পড়েছে। তবে ব্যাালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা দিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, ইরানের কাছে অন্তত ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যদিও অঞ্চলভেদে বিভিন্ন গোয়েন্দা মূল্যায়নে এই সংখ্যা নিয়ে কিছু ভিন্নতা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বিষয়টি বিশ্লেষণ করে জানান, অপেক্ষাকৃত কম হিসাবটিকেও যদি ধরা হয়, তবুও দেখা যায় যুদ্ধের আগে ইরানের হাতে থাকা মোট ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি তারা ইতিমধ্যে পুনরায় মজুত করতে পেরেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলোর কারণে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ পরিকাঠামোর বিভিন্ন টেকনিক্যাল দুর্বলতা বার বার স্পষ্ট হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসন এখনই তেহরানের বিরুদ্ধে নতুন করে কোনো বড় আকারের সরাসরি সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ জোরদার করার পথ বেছে নিয়েছে। অর্থনীতিক চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা রাখার কৌশল বজায় রাখছে ওয়াশিংটন।