আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা মেলা প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ প্রবাসী নারী সংগঠন 'বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই' (বিএলসি) তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন মিলনমেলা, নারী উদ্যোক্তা মেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (১৪ নভেম্বর) আজমানের 'উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন'-এর হলরুমে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি লাবন্য আদিলের সভাপতিত্বে এবং তানিয়া নোভা ও তন্বী সাবরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন আক্তার মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, শেফালী আক্তার আঁখি সিআইপি, প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সেক্রেটারি জেনারেল নাসরিন আক্তারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে লায়লা রুবাইয়াত, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজসহ অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল 'অ্যাওয়ার্ড ২০২৬' সম্মাননা প্রদান। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি ও উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব ও নাজমান নাহার বুবলীকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। মেলায় দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পণ্যের স্টল ছিল। আয়োজকরা জানান, এই আয়োজন প্রবাসী নারী উদ্যোক্তাদের পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের লক্ষ্য সম্পর্কে আয়োজকরা জানান, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জনকে তুলে ধরা, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের যথাযথ স্বীকৃতি দেওয়াই বাংলাদেশ লেডিস ক্লাবের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সচেতনতা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আমিরাতের স্থানীয় আইন-কানুনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: আমিরাত প্রবাসীনারী উদ্যোক্তাপ্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ লেডিস ক্লাবসংযুক্ত আরব আমিরাত