রুয়ান্ডায় অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি 'রিটার্ন হাব' বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ। জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস যৌথভাবে এই পরিকল্পনা গ্রহণ করেছে। ডাচ ও ডেনিশ সরকারের পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালে এই কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে, যারা দেশগুলোতে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে বহিষ্কারের আইনি আদেশ রয়েছে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, কোনো অভিবাসীকে সরাসরি তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে, রুয়ান্ডার এই কেন্দ্রটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। তবে এই কর্মসূচির আওতায় কেবল তাদেরই পাঠানো হবে, যারা সংশ্লিষ্ট দেশগুলোতে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ হারিয়ে ফেলেছেন। এর সঙ্গে বৃটেনের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির মৌলিক পার্থক্য রয়েছে, যেখানে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা ছিল। যদিও ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা নতুন এই উদ্যোগটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে বৃটেনের যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। প্রত্যাবাসনের আওতায় থাকা ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। ডাচ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে কেবল অবিবাহিত পুরুষ অভিবাসীদের এই কেন্দ্রে পাঠানো হবে এবং নেদারল্যান্ডসের ক্ষেত্রে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের অভিবাসীদের অগ্রাধিকার দেয়া হবে। রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শ্রমবাজারে প্রবেশের অধিকার পাবেন। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা জানিয়েছেন, অভিবাসীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে তারা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করছেন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য দূর করতেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এই কেন্দ্রটি চালু করা হবে, যেখানে পাঁচটি দেশ থেকে প্রায় ২০ জন করে মোট ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে। এই উদ্যোগে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগী ভূমিকা পালন করতে পারে বলে আলোচনা চলছে। এদিকে, এই পরিকল্পনার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি একে অমানবিক ও সমাধানহীন বলে অভিহিত করেছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও এই উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থার গবেষক ক্লেমেনটাইন দ্য মন্টজয় রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, এই অর্থায়ন এমন একটি সরকারকে শক্তিশালী করতে পারে যারা ভিন্নমত দমন ও নির্যাতনের জন্য অভিযুক্ত। তবে পাঁচটি দেশের দাবি, এই পরিকল্পনা আন্তর্জাতিক ও ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া ডাচ সরকার নিশ্চিত করেছে যে, কোনো অবস্থাতেই শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে না। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম। শুধু অক্টোবর মাসেই প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়েছে, যা সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বাড়ায় অক্টোবরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যাবাসনের আওতায় থাকা ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে পাঁচ দেশ। তবে এই উদ্যোগের আওতায় কেবল তাদেরই পাঠানো হবে, যারা পাঁচটি দেশে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ করে ফেলেছেন। এর সঙ্গে বৃটেনের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির পার্থক্য রয়েছে। ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল। আইনি জটিলতার কারণে বৃটেনের সেই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার পার্টির সরকার চুক্তিটি বাতিল করে দেয়। তবে নতুন এই উদ্যোগে বৃটেনও যুক্ত হতে পারে কি না, সে বিষয়ে এখনো সম্ভাবনা উড়িয়ে দেয়নি ডাউনিং স্ট্রিট। তারা জানিয়েছে, বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে। SHARES আন্তর্জাতিক বিষয়: অভিবাসীইউরোপীয় ইউনিয়নজার্মানিডেনমার্কপ্রত্যাবাসনরুয়ান্ডা