বসুন্ধরা থেকে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তিনি অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান। সে সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়। SHARES অন্যান্য বিষয়: আইনশৃঙ্খলা বাহিনীআটকবসুন্ধরাবায়তুল মোকাররমমুফতি রুহুল আমিন