মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রকাশিত: 4:31 PM, July 21, 2026

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিষয়টি নিশ্চিত নয়। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য ভালো ‘পারফর্ম’ করতে পারছেন না, তাহলে তিনি দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তবে এই রদবদল সরকারের ১৮০ দিনের পরপরই ঘটবে নাকি আরও সময়ের প্রয়োজন হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলেননি।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে তিনি যতটুকু বুঝেছেন, কারো কাজের মান সন্তোষজনক না হলে প্রধানমন্ত্রী প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।