৪ প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ বিএসটিআইয়ের

প্রকাশিত: 9:30 PM, July 21, 2026

নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় দেশের চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর আমের আচার থেকে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় তা বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন ফ্যাট পাওয়ায় তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকায় থাকা অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এসব পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে ভিটামিন ‘সি’র মাত্রা বাংলাদেশ মানমাত্রার চেয়ে কম থাকায় তা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের পণ্যগুলোর বিষয়ে ইতিমধ্যেই প্রত্যাখ্যান পত্র পাঠানো হয়েছে। লাইসেন্স নবায়ন বা নতুন অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত পণ্য দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতা পর্যায় থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হবে। নির্দেশ অমান্য করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বিএসটিআই।