বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু প্রকাশিত: 5:30 PM, July 21, 2026 বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু তিনটি বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে লাফালাফি করার সময় সাঁতার না জানায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা জাকিরুলের চুল পানির ওপর ভেসে থাকতে দেখে উদ্ধারকাজে নামেন। তারা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। SHARES সারাদেশ বিষয়: কাহালুদুর্ঘটনাপুকুরে ডুবে মৃত্যুবগুড়াশিশু মৃত্যু