শীঘ্রই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রকাশিত: 12:32 PM, July 23, 2026 রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছে ওই সূত্র। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায় থেকে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদি নতুন রাষ্ট্রপতি মনোনয়নে বিলম্ব হয়, তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই রাষ্ট্রপতির মেয়াদ সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। গণঅভ্যুত্থানের পর থেকেই আন্দোলনকারী ছাত্রনেতারা রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়ে আসছিলেন এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও পালিত হয়েছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো উদ্যোগ নেয়নি। তবে ২০২৫ সালের ১২ ডিসেম্বর তিনি জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান এবং অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছিলেন। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলেও রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ধরনের পরিবর্তন আসবে এবং সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি নিজেদের মনোনীত কাউকে রাষ্ট্রপতি করার সুযোগ পাবে। পরবর্তী জাতীয় নির্বাচন নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। SHARES জাতীয় বিষয়: পদত্যাগবাংলাদেশবিএনপিমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতিসরকার