আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত ও ইসলামের নির্দেশনা

প্রকাশিত: 11:01 AM, July 30, 2026

আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের নিয়মিত খোঁজখবর নেওয়া ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বান্দাদের রক্তসম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। সুরা নিসার ১ নম্বর আয়াতে এরশাদ হয়েছে, 'তোমরা সতর্ক থাকো রক্তসম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষক।'

আমাদের প্রিয় নবীজি (সা.)-ও তার উম্মতদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহকে ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে' (বোখারি : ৬১৩৮)।

আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে মহান আল্লাহও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'জ্ঞাতিবন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে, আল্লাহ তার সম্পর্ক তাঁর সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন। আর যে আমাকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সম্পর্ক তাঁর সঙ্গে বিচ্ছিন্ন করবেন' (রিয়াদুস সালেহিন : ৩২৮)।

তাই প্রতিটি মুমিনের দায়িত্ব হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা। পবিত্র কোরআনে মা-বাবার পরই নিকট আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 'তোমরা ইবাদাত করো আল্লাহর, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না। আর সদ্ব্যবহার করো বাবা-মায়ের সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথি, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী।'