তিন প্রতিবন্ধী ব্যক্তিকে সরাসরি নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 1:00 PM, July 30, 2026

সচিবালয়ে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম ধাপে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে প্রবেশের সময় তিনি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই নিয়োগপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়োগপত্র পাওয়া এই তিন ব্যক্তি হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আয়শা আক্তার ও নীলা খাতুন শারীরিক প্রতিবন্ধী। জন্মগতভাবে হাত না থাকার পরও তারা পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাদের মধ্যে নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটি তাদের কর্মজীবনের নতুন স্বপ্নের সূচনা হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নিয়োগপত্র প্রদানের পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।