জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সদরপুরে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

প্রকাশিত: 7:31 PM, August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ শাওন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তারা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জাতির গৌরবময় ইতিহাস সংরক্ষণ এবং দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।