চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে অজানা গল্প বলবেন শাকিব খান

প্রকাশিত: 8:30 PM, August 6, 2026

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান। ‘হ্যালো শাকিব খান’ নামের এই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন, প্রেম এবং যাপনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার তাঁর ভক্ত ও দর্শকদের জন্য নতুন এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার করতে যাচ্ছে চ্যানেল আই।

বিশেষ এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন দেশের জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। দীর্ঘদিনের জানাশোনা ও সুসম্পর্ক থাকার কারণে উপস্থাপক ও শাকিব খানের মধ্যকার কথোপকথনটি অত্যন্ত প্রাণবন্ত, গতিশীল ও আকর্ষণীয় হয়ে উঠেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, এই পর্বে শাকিব খানের ব্যক্তিত্ব ও জীবনযাত্রার এমন কিছু দিক উঠে আসবে, যা সাধারণ দর্শকদের কাছে আগে কখনো সেভাবে প্রকাশ পায়নি।

আগামী শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।