১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

প্রকাশিত: 9:01 PM, August 6, 2026

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়েছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই পরীক্ষার লিখিত অংশ ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল, যার পর ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।