রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করল নির্বাচন কমিশন প্রকাশিত: 8:03 PM, August 6, 2026 নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার দুপুরে এই তফশিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন সংসদ সদস্যকে প্রার্থীর প্রস্তাবক এবং অন্য একজনকে সমর্থক হতে হবে। পাশাপাশি প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষর থাকতে হবে। যদি প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হয়, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোট নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর একবার একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়েছিল, তবে পরবর্তীতে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। SHARES জাতীয় বিষয়: তফশিলনির্বাচন কমিশনবাংলাদেশরাষ্ট্রপতি নির্বাচনসংসদ