জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

প্রকাশিত: 7:00 PM, August 5, 2026

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনঃনির্মাণ করব। এই চেতনার অংশ হিসেবেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৮ বছর ধরে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মাঠে থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতাকে সহযোগিতা করেছেন, তাদের এখন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজ স্বার্থে জাতিকে দ্বিধা-বিভক্ত না করার আহ্বান জানান।

আহমেদ আযম খান বলেন, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের অংশগ্রহণ ও ভূমিকা প্রত্যাশিত। ফ্যাসিবাদের মতো আচরণ করে দেশ দ্বিধা-বিভক্ত করার কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, বর্তমানে মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র চায়।

তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, তারেক রহমান নিরলসভাবে এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুরো জাতিকে সাথে নিয়ে দেশ গড়ার যে যাত্রা শুরু করেছেন, তার নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো।