ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: শিক্ষকের পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: 6:01 PM, August 6, 2026

ফরিদপুরের আলফাডাঙ্গায় আরিফুজ্জামান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রীর চাচা মো. মনিরুজ্জামান তালুকদার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সহকারী শিক্ষক মো. সোহেল প্রাইভেট পড়ানোর সুযোগে দীর্ঘদিন ধরে ১৪ বছর বয়সী ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন। শিক্ষক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন সময় অশালীন প্রস্তাব দিতেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে শাড়ি পরা ছবি পাঠানোর জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এই ঘটনায় ছাত্রীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বর্তমানে বিদ্যালয় ও প্রাইভেটে যেতে আতঙ্কবোধ করছে।

অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক মো. সোহেল তার ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি আসলে ভুল করে ফেলেছি। ওই মেসেজ দেওয়া আমার ঠিক হয়নি। বিষয়টি নিয়ে এত দূর গড়াবে, তা আমি বুঝতে পারিনি। যেহেতু ঘটনাটি এতদূর গড়িয়েছে, তাই আমি আর চাকরি করব না। দুই-এক দিনের মধ্যেই পদত্যাগপত্র জমা দেব।' তিনি তার প্রাইভেট শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের অন্য শিক্ষকের কাছে পড়তে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন এবং এ নিয়ে ইউএনও কার্যালয় ও থানায় অভিযোগ হয়েছে। তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই ঘটনার প্রশাসনিক তদন্ত চলমান রয়েছে।