ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে চায়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই প্রক্রিয়ায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সম্পদ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সরকার প্রতিটি খাতের মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে চায়। ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভাষা সেবাও চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য, যা লাখ থেকে কোটি মানুষের কর্মসংস্থানে রূপান্তর করা সম্ভব হবে। কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ডের মাধ্যমে সংশ্লিষ্টদের সম্মানী প্রদানের পরিকল্পনা রয়েছে। এছাড়াও, সব সরকারি সুবিধা এক ছাতার নিচে আনতে ইউনিভার্সেল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সহায়তায় ইতিমধ্যে ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ পরিশোধের কাজ সম্পন্ন করেছে সরকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুই লাখ চারা রোপণ করা হয়েছে। প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া ১০ হাজার নার্সারি গড়ে তোলার মাধ্যমে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি জানান। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিপ্রধানমন্ত্রীবাংলাদেশবাজেটসংসদ