মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে ফি আরোপের প্রস্তাব এবিবির

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

ব্যাংক থেকে মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে অতিরিক্ত ফি আদায়ের প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সংগঠনের সাম্প্রতিক এক প্রস্তাবে বলা হয়েছে, একজন গ্রাহক মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে প্রতিবার ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করা যেতে পারে।

এবিবি শুধু নগদ উত্তোলনের ক্ষেত্রেই নয়, ব্যাংকিংয়ের ১৪টি ভিন্ন সেবায় নতুন ফি চালু এবং বিদ্যমান কয়েকটি সেবার চার্জ বাড়ানোরও সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, স্থগিত বা ডরম্যান্ট ব্যাংক হিসাব পুনরায় সচল করতে ৫০০ টাকা ফি নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া লোন প্রসেসিং ফি বর্তমানের তুলনায় প্রায় চারগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তবে এই প্রস্তাবের বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গ্রাহকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, গ্রাহকদের ওপর অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। কেন্দ্রীয় ব্যাংক বরং ব্যাংকগুলোকে সেবার মান উন্নয়ন ও ঋণ বিতরণ বাড়িয়ে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে।

এদিকে গ্রাহকদের একটি বড় অংশ মনে করছেন, ব্যাংকিং সেবার চার্জ বাড়ানোর চেয়ে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় নির্বিঘ্নে টাকা উত্তোলনের নিশ্চয়তা দেওয়াই এখন সবচেয়ে বেশি জরুরি।