দাবি না মানলে শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনের আয়োজন করে “এইচএসসি ২০২৬ ব্যাচ”-এর শিক্ষার্থীরা, যেখানে সংহতি জানিয়ে অন্য ক্লাসের শিক্ষার্থীরাও অংশ নেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন থেকে আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, ওইদিন নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

কর্মসূচিতে বক্তব্য রাখেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ ও রাহিম হোসেন। এছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমানও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।