জুলাই মাসজুড়ে বৃষ্টির আভাস, বৃহস্পতিবারের পর বাড়তে পারে তীব্রতা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বৃষ্টির ধারা পুরো জুলাই মাসজুড়েই বজায় থাকতে পারে। যদিও বৃষ্টির তীব্রতা কম-বেশি হতে পারে, তবে মাসব্যাপী এই বর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, গত ৫ জুলাই থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবারের পরবর্তী সময় থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে বৃষ্টির তীব্রতা সম্পর্কে অধিদপ্তর জানায়, গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় মোট ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।