বেলাবোতে টানা বর্ষণে বীর মুক্তিযোদ্ধার মাটির বসতঘর ধসে পড়েছে প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ নরসিংদীর বেলাবোতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা মাটির ঘর ধসে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এই দুর্যোগের ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ জুলাই) আমলাবো ইউনিয়নের বটেশ্বর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও আমলাবো ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল অহাব মিয়ার মাটির বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে ঘরটির মাটির দেয়ালগুলো চরমভাবে নরম ও দুর্বল হয়ে পড়েছিল। ঘটনার দিন মঙ্গলবার হঠাৎ করেই ঘরটির বিশাল একটি অংশ ধসে মাটির সাথে মিশে যায়। ঘর ধসে পড়ার সময় ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, বিদ্যুতের মিটার এবং অন্যান্য গৃহস্থালির মালামাল মাটির নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব আবেগাপ্লুত কণ্ঠে জানান, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ প্রকৃতির এই দুর্যোগে বাপ-দাদার রেখে যাওয়া মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেল। তিনি বলেন, ভাগ্যক্রমে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। আমলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বীর মুক্তিযোদ্ধার পরিবারটির খোঁজ নিয়েছি এবং কোনো হতাহত হয়নি। তিনি আরও জানান, সরকার প্রদত্ত বীর নিবাস রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা যেন দ্রুত সরকারি সহায়তা পান, সে জন্য উপজেলা প্রশাসনের নিকট তালিকা প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব আব্দুল খালেক মাষ্টার বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক উক্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজখবর রাখছি। জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য আমরা উপজেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সর্বদা আন্তরিক এবং দেশ ও জাতির এই শ্রেষ্ঠ সন্তানের চরম বিপদে প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, মুক্তিযোদ্ধার ঘরের কথা আমি অবগত নই। তবে মুক্তিযোদ্ধা হিসেবে যদি তিনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। SHARES অন্যান্য বিষয়: ঘর ধসনরসিংদীবীর মুক্তিযোদ্ধাবেলাবোভারী বর্ষণ