মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি এবং তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে মতিঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই করা, পলাতক সহযোগীদের শনাক্ত করা এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পিকে এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল হোসেন মতিঝিল থানার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাতে তাকে হোয়াটসঅ্যাপে কল করে গরুর হাটে তাদের মনোনীত লোক রাখার জন্য চাপ দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯ মে সকালে ইসমাইল হোসেনের ভাগনে হৃদয় তাকে জানান যে, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালিয়েছে। এই ঘটনায় ২০ মে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন ইসমাইল হোসেন।