নিউইয়র্কে প্রয়াত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে সড়কের নামকরণ প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬ নিউইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে সম্মান জানাতে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। তিন সন্তানের জনক দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। সেসময় একজন বন্দুকধারী লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই হামলায় দিদারুল ইসলামসহ মোট চারজন নিহত হন এবং বন্দুকধারী নিজেও আত্মঘাতী গুলিতে মারা যায়। স্মরণ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ বলেন, তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন যার মতো কর্মকর্তা প্রত্যেক কমান্ড অফিসারই আশা করেন। তিনি নতুনদের পরামর্শ দিতেন এবং প্রতিবেশীদের সাহায্য করার জন্য রাত পর্যন্ত কাজ করতেন। এটি তার কাছে শুধু চাকরি ছিল না, ছিল জীবনের ব্রত। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে নামকরণ করা হলো, যিনি নিউইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং শহরটিকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০: ৩১আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০: ৩২ SHARES আন্তর্জাতিক বিষয়: দিদারুল ইসলামনিউইয়র্কপুলিশ কর্মকর্তাপ্রবাসব্রঙ্কস