জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় মো. রিফাত হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আশরাফুৎদৌলা আদালতে এই আবেদনটি করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে এই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল থেকে মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওই দিন দুপুর ২টার দিকে আসামিদের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদী মো. রিফাত হোসেনের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। মাটিতে পড়ে যাওয়ার পর হামলাকারীরা তাকে কিল-ঘুষি, লাথি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।

আন্দোলনকারীরা রিফাতকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি অপসারণ করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর ডিবি পুলিশ জ্যাকবকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে, তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।