সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই দেশে ফিরছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, সুযোগ হলে শুক্রবারই প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন এবং এমন প্রস্তুতিই নেয়া হচ্ছে। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও এমন ইঙ্গিত মিলেছে।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। এই পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারই দায়িত্ব পালন করবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার এই সূচি পরিবর্তন করা হয়। সূত্র আরও জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার ঢাকায় ফিরবেন।